লিখেছেনঃ সঞ্চারিণী

বিপন্ন

যুদ্ধ শেষে
       গুটিয়ে নিয়েছে হাত
                  কালো পিশাচ
হায়েনারা সব মুছে ফেলেছে
                 ঠোঁটের কোনের রক্ত
নুতন মুখোশে ঢেকে গেছে মুখ
                 হিংস্র দানব পশুদের
রাজাকার এখন দারুন বুযুর্গ;
                 আল্লা‌-ওয়ালা লোক

ক্ষমতা লিপ্সুর লকলকে জিভে আগুন
লেলিহান শিখা পুড়ছে খুঁটি বিশ্বাসের
ট্রাকের চাকায় পিষ্ট বিবেক চেতনা
খুনী সীমারেরা রাজপথে খেলে
                 রক্তের হলি খেলা

স্বাধীনতা আজ পরাজিত শোক; মুহ্যমান গ্লানি
নেতা নেই কোনো শুনাতে পারে যে অভয় বাণী
লাজ্ঞিত আঁচল
        চাপা পরা হাসি
                বকুল সুবাস
সহিংসতায় খাচ্ছে ভাই তার ভাই এর লাশ
নির্মমতায় মানিয়েছে হার হানাদারেও

কড়া নাড়ে কে?
        কে দরজার ওপাশে দাঁড়িয়ে?
ঘুলঘুলির ফাঁকে শুনা গেল যেন
                কার করুন দীর্ঘঃশ্বাস!

বিজয় উল্লাস থেমে গেছে রণচিত্কারে
বিষাদের সুরে কাঁদছে নিভৃত স্বত্ত্বা
অসহায় জাতি, শৃংখলিত কানুন
                বিপন্ন বাংলাদেশ!


মন্তব্য করতে চাইলে আগে লগইন করুন