লিখেছেনঃ সঞ্চারিণী

কবিতা: ক্রিং . . .

একবারও বেজে ওঠলোনা
সকাল থেকে অবিশ্রান্ত সময়ের ঘাম ঝরে
প্রতীক্ষার সিঁড়ি বেয়ে কেবলই ওঠা-নামা
                   ওঠা-নামা
চিরুণি চালিয়ে চুলে থম্‌কে তাকানো ফের -
                   টেলিফোনের দিকে
কি এমন কাজ তার আজ ?
       ভুলেই গেলো? অথচ
        কতটা উন্মূখ হয়ে বসে -
              যদি জানতে!

সকাল গড়িয়ে সন্ধ্যে তখন প্রায়, ক্রিং . . .
কার ফোন? দূরাভাষের ওপাড়ে কে?
সে কি?
দৌড়ে ছুটে রিসিভার তুলে ,
              ’হ্যাঁলো - তুমি?
                না? তবে কে?
                আহ্‌ -কে আপনি ? কাকে চাই?
                              দূর ছাই! রাখি ,
                              খুব ব্যস্ত আছি।’
                              ঘটাং!

ক্রিং . . .
আলাপনের মাধ্যমটির কাছে আসা আবার
বুক ঢিপ্‌-ঢিপ্‌ , হাত নিস্‌-পিস্‌ ; ছুঁতে চেয়ে
না থাক, অন্য কেউ হয় যদি? ক্রিং . . .
আমার মাথার দিব্যি লাগে, এবার যেন হও তুমি-ই!

ক্রিং . . .
তুমি যদি না হও তবে, জেনো -
আমার মরন হবে, ‘হ্যাঁলো,
              আহ্‌! - তুমি? কেমন ছিলে? কেমন আছ?’

ট্যাগ:

মন্তব্য করতে চাইলে আগে লগইন করুন